
ফেনী থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এক আসামিকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফসানা আক্তার ববি (২২), চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বাসিন্দা। ২০২৩ সালে স্বামী পরিত্যক্ত অবস্থায় থাকাকালে তোফাজ্জল হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তোফাজ্জল তাকে জোরারগঞ্জ জেনারেল হাসপাতালে চাকরি দেয় এবং ধীরে ধীরে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে তোফাজ্জল ববির জন্য জোরারগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া করে দেয় এবং সেখানে গিয়ে একাধিকবার তাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করে। ভুক্তভোগী বিয়ের কথা বললে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে বিয়ে না করায় ববি চাকরি ও ওই সম্পর্ক ছেড়ে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় আলাদা বাসায় বসবাস শুরু করেন।
এরপর অভিযুক্ত তোফাজ্জল তার নতুন বাসার ঠিকানা সংগ্রহ করে সেখানে গিয়ে পুনরায় সম্পর্ক করতে চাপ দেয়। এতে রাজি না হলে তার মোবাইলে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ কাজে তাকে সহযোগিতা করে তার এক সহযোগী।
এই ঘটনায় ভুক্তভোগী জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা এলাকার বাসিন্দা সহযোগী মানিককেও আটক করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।



