বাংলাদেশ

এক কাতলের দাম সাড়ে ৪৮ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি কাতাল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হালদার গায়া ফ্যাশন জাল ফেলে মাছটি ধরেন।

পরে সকালেই মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হয় এবং সেখানে নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দর দিয়ে কেজিপ্রতি ১৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি মাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঢাকার এক ব্যবসায়ীর আগ্রহ তৈরি হয়। পরে ১৯০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি ঢাকার ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মার বড় মাছের প্রতি ক্রেতাদের আলাদা আগ্রহ থাকে, তাই এসব মাছ দ্রুত বিক্রি হয়ে যায়। অন্যদিকে স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা জানান, বড় মাছ ধরা পড়লে তারা ভালো দামে বিক্রি করতে পারেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় আকারের মাছ ধরা পড়ে, যা জেলে ও ব্যবসায়ীদের জন্য লাভজনক। তবে তিনি মনে করেন, এ অঞ্চলে অভয়াশ্রম গড়ে তোলা গেলে মাছের প্রজনন ও উৎপাদন আরও বৃদ্ধি পেত।

সংশ্লিষ্ট খবর

Back to top button