
নামের মিলের কারণে দীর্ঘ ১৮ বছর ধরে কারাবন্দি থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে সরকারের উচ্চপর্যায়ে আবেদন জানিয়েছেন তার বোন আকলিমা বেগম। সোমবার (১৩ মার্চ) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি জমা দেন।
চিঠিতে আকলিমা বেগম উল্লেখ করেন, ২০০৮ সালে ভ্রমণে গিয়ে নামের মিলের কারণে ভারতে একটি হত্যা মামলায় বাদল ফরাজী গ্রেপ্তার হন। পরে ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলেও দেশে ফেরার পরও তিনি মুক্তি পাননি।
আবেদনে বলা হয়, দীর্ঘ এই কারাবাসের কারণে পরিবারের ওপর গভীর প্রভাব পড়েছে। এ সময় তার বাবা মারা গেছেন এবং মা অসুস্থ অবস্থায় ছেলের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
আকলিমা বেগম বিষয়টি মানবাধিকার ইস্যু হিসেবে বিবেচনা করে দ্রুত প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তার ভাইয়ের মুক্তির দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবার।



