বাংলাদেশ

নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এর মধ্যে প্রাক-নিকার সভায় এটি অনুমোদন পেয়েছে বলেও তিনি জানান।

সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ তথ্য জানান। এ খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা ঘোষণার জন্য গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সরকারি আনুষ্ঠানিক উদ্বোধন এখনো সম্পন্ন হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া সিটি করপোরেশন এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের জন্য গত ১২ এপ্রিল প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর—নিয়ে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আয়তন হবে প্রায় ১২৮.৭৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি করপোরেশনের সঙ্গে মোকামতলা উপজেলা অনুমোদন হয়েছে। তবে উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান এখনো নির্ধারণ করা হয়নি। তিনি জানান, সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা করে স্থান নির্ধারণ করা হবে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলাকে উপজেলায় উন্নীত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন। এটি বাস্তবায়ন হলে বগুড়া-২ আসনটি শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button