বাংলাদেশঅপরাধআইন-বিচার

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জনতার গণধোলাইয়ে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে একই এলাকার দুদুল মিয়ার মেয়ে আতিকার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে পরিবার ও এলাকাবাসী মাইকিং করে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোঁজ চালায়। দীর্ঘ সময় পর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়।

ঘটনার পর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে নাঈম হোসেন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে। পরে তাকে ছাড়িয়ে নিতে এলে তার পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাঈমের বাবা অটোচালক পান্নু মিয়া (৩৫) ও চাচা ফজলু মিয়া (২৮) গণপিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় নাঈমের ভাই নাজমুল হোসেন গুরুতর আহত হন।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন এবং সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গণপিটুনিতে দুইজন নিহত হন।

ওসি মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি গণপিটুনির ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button