
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে গর্জে ওঠার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটের রায়কে নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তবে সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর কল্যাণ বিবেচনায় নির্বাচন ফলাফল মেনে নেওয়া হয়েছে।
জামায়াত আমির আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। তার মতে, সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সংবিধানকে ইচ্ছামতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা চলছে। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ধরনের ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।
এ সময় তিনি জানান, সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই জনগণের অধিকার ও স্বার্থের প্রশ্নে জামায়াত সক্রিয় থাকবে। তিনি বলেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর এ আন্দোলনে দল জনগণের পাশে থাকবে।



