বাংলাদেশজনদুর্ভোগ

রংপুরে তেলের লাইনে বাইক রেখে ১২ দিন ধরে উধাও চালক!

রংপুর মহানগরীতে জ্বালানি তেলের সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে নানা ধরনের পরিস্থিতি—কখনো ভোগান্তি, কখনো হাতাহাতি, আবার কখনো অদ্ভুত ও কৌতূহলজাগানো ঘটনা।

এমনই এক ঘটনায় শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে গত ১২ দিন ধরে একটি মোটরসাইকেল পড়ে আছে, কিন্তু তার কোনো চালকের সন্ধান মেলেনি।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, গত ৫ এপ্রিল তেল নিতে এসে এক ব্যক্তি লাইনে মোটরসাইকেল রেখে চলে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। ফলে গাড়িটি এখন স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, সিসিটিভি ফুটেজেও ওই চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মোটরসাইকেলটি টিভিএস মেট্রো প্লাস মডেলের এবং এর নম্বর রংপুর মেট্রো-হ ১১-০৫৭২।

কর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন গাড়িটি একই জায়গায় পড়ে থাকতে দেখে তারা শেষ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জিম্মায় রাখেন। তবে মালিক না পাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছেন।

স্টেশনের ম্যানেজার জানান, বিভিন্ন মাধ্যমে মালিকের সন্ধান চালানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। সঠিক মালিকের কাছে মোটরসাইকেলটি ফেরত দিতে পারলেই তারা দায়িত্বমুক্ত হবেন।

এদিকে স্থানীয় চালকরা বলছেন, তেল সংকটের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখনো আবার তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এ পরিস্থিতির মধ্যেই এমন ঘটনা ঘটায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা জানান, চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ অর্ধেকেরও কম হওয়ায় অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে, ফলে সংকট আরও প্রকট হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button