বাংলাদেশঅপরাধআইন-বিচার

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় নেশার জন্য চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ব্যবসা করছিলেন জুয়েল। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে গিয়ে তার কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মাইনুল ছুরি বের করে জুয়েলের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করেন এবং বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্যই তিনি চাঁদা দাবি করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button