মায়ের ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দরে মায়ের বকা খেয়ে মার্জিয়া (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ১৭ (এপ্রিল) ভোররাতে উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার মো. সাত্তারের মেয়ে। তারা বর্তমানে কদম রসুল মাজার সংলগ্ন আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখা নিয়ে অবহেলা করায় মা জাহানারা বেগম মার্জিয়াকে বকাঝকা করেন।
এতে মনের ক্ষোভে ও অভিমানে শুক্রবার রাত ৩টা থেকে সকালন ৭টায় আনুমানিক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



