
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সেবা করা রাষ্ট্রের দায়িত্ব এবং এতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকার অধিকার নেই।”
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
মন্ত্রী জানান, হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যাবে। এ উপলক্ষে আগের দিন থেকেই হজক্যাম্পে যাত্রীদের আগমন শুরু হয়েছে।
পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, প্রস্তুতি ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নভাবে পবিত্র হজ পালন করতে যেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



