মাজারে মানত করে পুত্র সন্তান লাভ, ছেলে এখন আইটি ইঞ্জিনিয়ার

নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কুন্দুপুকুর মাজার’ প্রতি বছরই ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এখানে পারস্য থেকে আগত ইসলামের মহান সাধক হযরত মহিউদ্দিন চিশ্তি (রহ.)-এর মাজার অবস্থিত। মাজারের পাশেই একটি মসজিদ ও মাদ্রাসাও রয়েছে।
আজ শুক্রবার মাজারে মানত করতে আসেন মোকছেদুল হাসান পাইল্টো শাহ্-এর পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার মায়ের দীর্ঘদিন সন্তান না হওয়ায় এখানে মানত করা হয়, পরবর্তীতে তার জন্ম হয়। বর্তমানে তিনি আমেরিকার একটি আইটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
প্রতি বছর বাংলা ৫ মাঘ এই মাজারে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত-অনুসারী এখানে সমবেত হন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি দোয়া-মাহফিল ও নানা আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
মাজার সংলগ্ন বিশাল পুকুরটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি প্রতিদিনই ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের ভিড়ে মুখর থাকে। অনেকেই মানত পূরণের আশায় এখানে আসেন বলে জানান স্থানীয়রা।
ভক্ত ও দর্শনার্থীদের মতে, কুন্দুপুকুর মাজারকে ঘিরে আধুনিক সুযোগ-সুবিধা ও পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও উদ্যোগ প্রয়োজন।



