বাংলাদেশ

ভিক্ষুকের কাছে ওষুধের দাম কম রাখায় ফার্মেসি বন্ধ

পটুয়াখালীর কলাপাড়ায় এক ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের চাপের মুখে পৌর শহরের প্রগতি মেডিকেল হল নামে একটি ফার্মেসি বন্ধ রাখতে বাধ্য হন এর মালিক।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, মানবিক কারণে সহায়তা করতে গিয়ে যদি ব্যবসায়ীদের শাস্তির মুখে পড়তে হয়, তাহলে ভবিষ্যতে কেউই এমন উদ্যোগ নিতে আগ্রহী হবে না।

প্রগতি মেডিকেল হলের পরিচালক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার এক অসহায় ভিক্ষুক একটি ভিটামিন সিরাপ কিনতে এলে তার কাছে পূর্ণ মূল্য না থাকায় তিনি মানবিক কারণে কম দামে ওষুধটি দেন। এর জেরে সমিতির নেতারা ক্ষুব্ধ হয়ে এক দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেন এবং তা না মানলে জরিমানার হুমকিও দেন। ফলে তিনি বাধ্য হয়ে দোকান বন্ধ রাখেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সভাপতি ইব্রাহিম খলিল। তার দাবি, সমিতি কোনো নির্দেশ দেয়নি; বরং প্রগতি মেডিকেল হল ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে নিজেরাই এক দিনের জন্য দোকান বন্ধ রেখেছে। তিনি আরও বলেন, কম দামে ওষুধ বিক্রির আড়ালে ভেজাল পণ্য বিক্রির ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, একাধিক ফার্মেসি মালিক অভিযোগ করেছেন, সমিতির মাধ্যমে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে, যেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে জরিমানা গুনতে হয়। ফাতেমা মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন জানান, আগে কম দামে ওষুধ বিক্রির কারণে তার কাছ থেকেও প্রায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো সমিতিরই কোনো প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button