আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

বাংলাদেশি জাহাজের হরমুজ পার হওয়ার চেষ্টা, যা জানালেন মন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে জাহাজটির চলাচল বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে, যাতে দ্রুত জাহাজটি নিরাপদে চলাচল করতে পারে।

তিনি আরও জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন স্থানে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুতের ঘটনাও ধরা পড়েছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং দেশের স্বার্থ, বন্দরের দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়ন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button