বাংলাদেশঅপরাধ

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি শনিবার ভোরে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার জামানের বাড়ির সামনে ঘটে।

নিহত যুবকের নাম জহিরুল ইসলাম আকাশ (২২)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত রফিকুল ইসলাম। বর্তমানে তিনি উত্তর বাড্ডার বাগান বাড়ি এলাকায় থাকতেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, ভোর সোয়া ৫টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্যমতে, পাশের একটি বাড়িতে বিদ্যুৎ চলে যাওয়ার পর বাড়িওয়ালা বাইরে বের হলে তিনি খুঁটির নিচে ওই যুবকের মরদেহ দেখতে পান। মরদেহের পাশে তার কাটার যন্ত্র পাওয়া যায় এবং খুঁটির ওপরের বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button