বিজ্ঞান বিভাগের দুই SSC পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোরের মণিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে গুরুতর অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের ভুলে মানবিক বিভাগের প্রবেশপত্র পেয়েছে দুই সহোদর পরীক্ষার্থী, ফলে তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী দুইজন হলো মাছনা গ্রামের যমজ ভাই জিহান ও রিহান। তারা চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত ১৬ এপ্রিল বিদ্যালয় থেকে দেওয়া প্রবেশপত্রে তাদের বিভাগের স্থানে ‘মানবিক’ উল্লেখ করা হয়।
পরিবারের দাবি, বিষয়টি এক সপ্তাহ আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনকে জানানো হয়েছিল। তিনি সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেননি। বরং সংশোধন না করেই ভুল প্রবেশপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন। তিনি জানান, রেজিস্ট্রেশন কার্ড প্রায় এক বছর আগেই বিদ্যালয়ে পৌঁছেছিল, তখনই ভুল থাকলে তা সংশোধন করা উচিত ছিল। এ অবহেলার জন্য প্রধান শিক্ষককে জবাবদিহির আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি।
তবে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ২১ এপ্রিল পরীক্ষার আগেই সমস্যার সমাধান করা হবে এবং তারা সঠিক বিভাগে পরীক্ষা দিতে পারবে।
পরীক্ষা শুরুর আর মাত্র কয়েকদিন বাকি থাকায় দুই শিক্ষার্থী ও তাদের পরিবার চরম উদ্বেগে রয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে এই ভুলের কারণে মেধাবী দুই শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।



