ছাত্র রাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের হট্টগোল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ হোসেন গ্যালারিতে এ ঘটনা ঘটে।
সদ্য যোগদান করা উপাচার্য ড. ইয়ারুল কবীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে গেলে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একদিকে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি চালুর পক্ষে অবস্থান নেয়, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে।
পাল্টাপাল্টি স্লোগান ও বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা বাড়তে থাকে। এতে অনুষ্ঠান শেষ না করেই উপাচার্য সভাস্থল ত্যাগ করে নিজ দপ্তরে চলে যান।
পরে উভয় পক্ষ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা উপাচার্যের ‘অপমানের’ প্রতিবাদ জানায়, আর সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার দাবি পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ রয়েছে।
পরিস্থিতি সম্পর্কে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতির সুযোগ নেই। শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।



