আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন দিনেশ ত্রিবেদী

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার—এমন খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হওয়ার পরই তাকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে বদলি করা হতে পারে।

দীনেশ ত্রিবেদী দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেন। বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটি এখনো চূড়ান্ত হয়নি এবং বাংলাদেশ সরকারের সম্মতি পাওয়ার পরই নিয়োগ সম্পন্ন হবে, কারণ স্বাগতিক দেশের অনুমোদন কূটনৈতিক নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক।

বিশ্লেষকদের মতে, পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিকে ঢাকা-তে পাঠানো হলে তা ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি রাজনৈতিক মাত্রা যোগ করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button