‘শিক্ষক সামান্য অমনোযোগী থাকায় এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল’

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ঢাকা, সাভার ও মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শেষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি কেন্দ্র তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং অধিকাংশ কেন্দ্রের পরিবেশ ছিল সন্তোষজনক। পরিদর্শিত কেন্দ্রগুলোর মধ্যে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয়, সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়, আমিনবাজার এলাকার একটি কেন্দ্র এবং মিরপুরের পাইকপাড়া মডেল একাডেমি স্কুল উল্লেখযোগ্য।
তবে তিনি জানান, একটি কেন্দ্রে পরীক্ষার সময় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর খাতা দেখছিল—এ ধরনের সামান্য অনিয়ম ধরা পড়েছে। বিষয়টি শিক্ষক ও ম্যাজিস্ট্রেটকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সারা দেশের বিভিন্ন বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে যে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কাও নেই।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষার পরিবেশকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।



