বাংলাদেশ

ফরম পূরণ না হওয়ায় ঝুঁকিতে লক্ষ্মীপুরের ৯ এসএসসি পরীক্ষার্থী

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ না হওয়ায় ৯ জন শিক্ষার্থী বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও ওই ৯ শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। অভিযোগ অনুযায়ী, তারা সবাই নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল। কিন্তু কামানখোলা অলি উল্ল্যা মুসলিম পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ আহমেদ ভূঁইয়া সেই টাকা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে দাবি করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এক অভিভাবক সিরাজুল ইসলাম জানান, ১৬ এপ্রিল প্রবেশপত্র বিতরণের সময় দেখা যায় ওই ৯ জনের কারও প্রবেশপত্র আসেনি। পরে প্রধান শিক্ষক বলেন, “হয়তো বোর্ড অনুমোদন দেয়নি।” কিন্তু বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, তাদের ফরমই পূরণ করা হয়নি।

শিক্ষার্থীরা জানায়, তারা আগের পরীক্ষায় ভালো ফল করেছে এবং এবার নতুন প্রস্তুতি নিয়েছিল। কিন্তু প্রধান শিক্ষকের অবহেলা ও অনিয়মের কারণে তাদের শিক্ষাজীবন ঝুঁকিতে পড়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ছৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, এই ৯ শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়নি এবং বিষয়টি তাদের জানানো হয়নি। তিনি আরও বলেন, আগামী বছর তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ার হোসাইন পাটোয়ারী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং আশা করা হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button