বাংলাদেশসরকার

‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এই সুবিধার আওতায় আনা হবে। শুরুতেই প্রায় এক লাখ শিক্ষার্থীর মধ্যে এসব ব্যাগ ও পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে।

মাহদী আমিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে উৎসাহিত করা এবং দেশীয় উৎপাদনের প্রসার ঘটানোই মূল লক্ষ্য। পাশাপাশি সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে ধাপে ধাপে তৃণমূল থেকে শুরু করে দেশের সব পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একই ধরনের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ার পাশাপাশি একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button