বাংলাদেশসরকার

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন এবং নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ-এর সঙ্গে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আগামী দিনের বৈঠকেই ভাড়া সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক হলেও বিষয়টি মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বিআরটিএ জানিয়েছিল, তারা সুপারিশ তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সরকারের তথ্য উপদেষ্টা মাহদী আমিন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় এখন সময়ের দাবি। তবে সিদ্ধান্ত এমনভাবে নেওয়ার চেষ্টা চলছে যাতে যাত্রী ও পরিবহন মালিক—কোনো পক্ষই অতিরিক্ত ক্ষতির মুখে না পড়ে।

উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যেখানে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিবর্তনের প্রভাবেই বাসভাড়া পুনর্নির্ধারণের আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button