
সরকার পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অবসর কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে, তবে বিধি অনুযায়ী তারা সব প্রাপ্য সুবিধা পাবেন।
অবসরে যাওয়া কর্মকর্তারা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করছিলেন—এর মধ্যে রয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিট, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন শাখা।
প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে পুলিশ বাহিনীতে চলমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এর পেছনে বিস্তারিত কোনো কারণ প্রকাশ করা হয়নি।



