বাংলাদেশঅপরাধ

জাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও ভ্রূণহত্যার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ-এর বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, ভ্রূণহত্যা, পরকীয়া ও বেআইনি বিয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগটি করেছেন তার প্রথম স্ত্রী নূরজাহান (জেরিন)। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করে এসব তথ্য তুলে ধরেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০২০ সালে তাদের বিয়ে হয়। এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। নূরজাহানের দাবি, ২০২২ সালে অন্তঃসত্ত্বা অবস্থায় মারধরের কারণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, যার মেডিকেল প্রমাণও তিনি সংযুক্ত করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৫ সালে তার স্বামী এক ছাত্রীকে নিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরে তাকে বেআইনিভাবে বিয়ে করেন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয় এবং পরে ডিভোর্স লেটার পাঠানো হয় বলে দাবি করেন তিনি।

নূরজাহান অভিযোগ করেন, তার ব্যক্তিগত ফোন হ্যাক করে তাকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে এবং বিভিন্ন সময় তাকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

অভিযোগের বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে অন্য কোনো নারী এমন নির্যাতনের শিকার না হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button