বাংলাদেশ

রংপুরে এসএসসি পরীক্ষা দিচ্ছে তৃতীয় লিঙ্গের ২৮ শিক্ষার্থী

রংপুরে একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর অধীনে এসএসসি প্রোগ্রাম-২০২৬-এর পরীক্ষা শুরু হয়। এতে তারা অংশ নেন এবং টানা তিন ঘণ্টার পরীক্ষায় নিজেদের প্রস্তুতি যাচাই করেন।

পরীক্ষার্থীরা জানান, নানা প্রতিকূলতা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের বিষয়। তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে এবং সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে চান।

পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং তাদের অস্তিত্বের স্বীকৃতি। দীর্ঘদিন অবহেলার পর তারা এখন শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন, যা তাদের বড় শক্তি।

শিক্ষাবিদ ও সমাজসেবীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের মানুষ শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হলেও সাম্প্রতিক সময়ে তাদের শিক্ষায় অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এই অংশগ্রহণ সেই ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার—এই বাস্তবতাকে সামনে এনে রংপুরের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা নতুন ইতিহাস গড়েছেন। তাদের অদম্য প্রচেষ্টা ও মনোবল অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

রংপুরে বাউবির আঞ্চলিক ৯টি কেন্দ্রে মোট ১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী পরীক্ষা দেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জন্য বিশেষ সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে এবং কোর্স ফি’র ৬০ শতাংশ মওকুফ করা হয়েছে, যাতে শিক্ষার সুযোগ আরও সহজ হয়।

বাউবির উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষা সবার অধিকার—লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়, সেটিই তাদের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কেবল পরীক্ষায় অংশগ্রহণ নয়; বরং সমাজে সমতা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button