বাংলাদেশ

‘প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি পোস্ট করিনি’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুয়া স্ক্রিনশটের ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি জানান, শুরু থেকেই তিনি নিশ্চিত ছিলেন যে ওই পোস্টটি তার নয় এবং এ বিষয়ে তিনি ফেসবুকে স্পষ্টীকরণও দিয়েছেন। সত্য উদঘাটনের জন্য প্রয়োজনে তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করার দাবিও জানান তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহমুদ। তিনি অভিযোগ করেন, প্রাণনাশের হুমকি পাওয়ার পর বিষয়টি জানাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করেনি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি।

তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে থানায় অবস্থানকালে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে একদল উত্তেজিত জনতা সেখানে ঢুকে তাকে খুঁজতে থাকে। পরিস্থিতি বুঝে তিনি একটি কক্ষে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তারা ঢুকে তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।

মাহমুদের দাবি, পুরো ঘটনায় পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল এবং কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

সংশ্লিষ্ট খবর

Back to top button