বাংলাদেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওড় এলাকায় সতর্কতা জারি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাওড় অঞ্চলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংস্থাটির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী হাওড় অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪–২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮–৩০ এপ্রিল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, এই বৃষ্টির কারণে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ প্রধান নদীগুলোর পানি সমতল দ্রুত বাড়তে পারে এবং ২৮ এপ্রিলের পর কোনো কোনো স্থানে বিপৎসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার প্রায় ১.৭৬ মিটার (৫.৭৭ ফুট) নিচে অবস্থান করছে। তবে পূর্বাভাস অনুযায়ী ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ পরিস্থিতিতে হাওড় এলাকার বোরো ধান রক্ষায় কৃষকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, তা দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button