বাংলাদেশ

মৌলভীবাজারে বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৌভাত অনুষ্ঠানে ব্যতিক্রমী এক উপহার ঘিরে তৈরি হয়েছে আলোচনা। উত্তরসুর এলাকায় সুমন পালের বৌভাতে তার বন্ধুরা উপহার হিসেবে ৫ লিটার অকটেন নিয়ে হাজির হন, যা অতিথিদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

গত ২১ এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের সঙ্গে সুমনের বিয়ে হয়। এরপর শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত বৌভাতে স্বাভাবিক নিয়মে অতিথিরা বিভিন্ন উপহার ও নগদ অর্থ নিয়ে এলেও, জ্বালানি তেলের এই অপ্রচলিত উপহারটি সবার দৃষ্টি আকর্ষণ করে। সাজানো তিনটি প্লাস্টিকের বোতলে করে অকটেন আনার বিষয়টি অনেকের কাছেই ‘সময়োপযোগী’ বলে মনে হয়েছে।

উপহারদাতা রাজেশ ভৌমিক জানান, ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে ভিন্নধর্মী কিছু দেওয়ার চিন্তা থেকেই তারা এই উদ্যোগ নেন। বর্তমান জ্বালানি সংকটের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। যদিও এটি এতটা আলোচনায় আসবে, তা তারা ভাবেননি।

এদিকে, এমন উপহার পেয়ে বেশ খুশি বর সুমন পাল। তিনি বলেন, তার একটি মোটরসাইকেল রয়েছে এবং বর্তমানে তেল সংগ্রহ করা বেশ ঝামেলার। তাই বন্ধুদের দেওয়া এই অকটেন তার দৈনন্দিন চলাচলে কাজে লাগবে। প্রচলিত উপহারের বাইরে এমন ব্যবহারিক কিছু পেয়ে তিনি আনন্দিত এবং এটি তার বৌভাতের স্মৃতিকে আরও বিশেষ করে তুলেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button