বিএনপিরাজনীতি

নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি

বাংলা টিভি ডেস্ক: সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়নার তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী নিপুন রায়ের নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। তার স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে একই ধরনের আরও ১০০ ভরি গয়না।

তবে এসব স্বর্ণালংকারের কোনো মূল্য উল্লেখ করা হয়নি। হলফনামায় বলা হয়েছে, এগুলোর অর্জনকালীন মূল্য অজানা এবং উপহার হিসেবে পাওয়া।

নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

হলফনামায় নিপুণ রায় নিজের পেশা আইনজীবী উল্লেখ করেছেন। বছরে তার আয় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে আরও প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন। তার স্বামী অমিতাভ রায়ের পেশা ব্যবসা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিপুণ রায়ের নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে। তার নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তার নিজের নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তার স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।

স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন নিপুণ রায়। ফ্ল্যাটটি ৮৫ লাখ ২০ হাজার টাকা দিয়ে কেনা হলেও এর অবস্থান হলফনামায় উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button