বৃষ্টির গ্রামের বাড়িতে শোকের মাতম, মরদেহ ফেরত চায় বাবা

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে গভীর শোক।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দুপুর এলাকায় তার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
নিহত বৃষ্টি ছিলেন জহির উদ্দিন আকন ও আলভী বেগম দম্পতির মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রের University of South Florida-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। পাশাপাশি তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ আগস্ট উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। সর্বশেষ ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা তার ও এক সহপাঠীর মৃত্যুর খবর জানতে পারেন। তবে এখনো বৃষ্টির মরদেহ উদ্ধার হয়নি বলে দাবি করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, কীভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তারা দ্রুত মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৃষ্টির চাচাতো বোন তুলি আকন বলেন, তার সহপাঠীর মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির মরদেহ এখনো পাওয়া যায়নি। অন্য স্বজনরাও একই দাবি জানিয়ে বিচার চান।
বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বলেন, “আমার মেয়ে আর বেঁচে নেই—এটা নিশ্চিত হয়েছি। এখন শুধু তার মরদেহ দেশে আনার দাবি জানাই।”
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে সমন্বয় করা হবে এবং পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।



