বাংলাদেশ

‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

বাংলা টিভি ডেস্ক: সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত

শনিবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন। এ সময় তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে জনসভা আহ্বানের পর পুলিশের অসহযোগিতার অভিযোগও করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা করার জন্য তারা অনুমতি চেয়ে আবেদন করেন। তবে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাদের কিছু দাবি বাদ দিয়ে অনুষ্ঠান করতে বলা হয়। এতে সংগঠনটি তাদের জনসভা স্থগিত করে।

নেতারা বলেন, সিলেট বিভাগে প্রচলিত ‘সিলটি’ ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে, যা সিলটি নাগরী লিপি নামে পরিচিত। তাদের দাবি, এই ভাষায় প্রায় এক কোটি ২০ লাখ মানুষ কথা বলেন এবং অনেক গবেষক এ ভাষার ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

সংগঠনটি আরও দাবি করে, বিশ্বের বিভিন্ন দেশে একাধিক সরকারি ভাষা ব্যবহৃত হয়। তাই সিলটি ভাষাকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় উত্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক তাজ রীহান জামানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button