ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে হাতের রগ কাটা অবস্থায় ছেলের এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গী বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বাবা সোহেল হোসেন (৫২) এবং ছেলে সাকিব হোসেন (১৮)।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়েই বাড়িতে বসবাস করতেন। সাকিব ঢাকার উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতেন।
শনিবার রাতের কোনো এক সময় সাকিব হোসেনের মুখের ভেতর কাপড় গুঁজে দিয়ে তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে বাবা সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর বনমালা রেললাইন এলাকায় পাওয়া যায়।
খবর পেয়ে সকালে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলে সাকিব এবং রেললাইনের পাশ থেকে তার বাবা সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



