বিকলাঙ্গ সন্তানকে বাবার অস্বীকৃতি, ঢাল হয়ে দাঁড়ালেন মা

বাংলা টিভি ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদে জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া এক নবজাতককে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার পিতা। তবে মায়ের ভালোবাসা ও দৃঢ়তায় সেই নির্মম সিদ্ধান্ত বদলে গেছে এক মানবিক গল্পে।
গত ২২ এপ্রিল রাতে উপজেলার মিয়ারহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, নবজাতকের দুই পা ও একটি হাত নেই।
শিশুটির পিতা, দিনমজুর আল আমিন, এই অবস্থার কথা শুনে সন্তানকে নিতে অস্বীকৃতি জানান। এমনকি তিনি স্ত্রীকে শিশুটিকে অন্য কোথাও দিয়ে দিতে বা ফেলে আসার কথাও বলেন। কিন্তু মা লিজা আক্তার সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।
লিজা আক্তার জানান, এটি তার তৃতীয় সন্তান। এর আগে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় দিনমজুর হিসেবে কাজ করেন। সন্তানের এমন শারীরিক অবস্থার পরও তিনি বলেন, “আমি আমার সন্তানকে কখনো ফেলে দিতে পারব না। স্বামী আমাকে না রাখলেও আমি সন্তানকে ছাড়ব না।”
তিনি আরও বলেন, নিজের জীবিত থাকা পর্যন্ত তিনি কাজ করে সন্তানকে লালন-পালন করবেন। তবে তার মৃত্যুর পর সন্তানের ভবিষ্যৎ কী হবে—এই চিন্তাই তাকে বেশি কষ্ট দিচ্ছে।
এ ঘটনায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নবজাতক ও তার মায়ের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে হাসপাতালের সব চিকিৎসা ব্যয় মওকুফ করা হয়েছে। অপারেশন পরিচালনাকারী চিকিৎসকও কোনো ফি নেননি।
চিকিৎসকেরা জানিয়েছেন, জিনগত কারণ বা গর্ভকালীন যথাযথ চিকিৎসার অভাবে অনেক সময় এ ধরনের শারীরিক ত্রুটি নিয়ে শিশু জন্ম নিতে পারে। যদিও অপারেশনটি ঝুঁকিপূর্ণ ছিল, তা সফলভাবে সম্পন্ন হয়েছে।



