জাতীয়বিএনপিরাজনীতি

শিক্ষার্থী থেকে সংসদে মানসুরা, নেই কোনো আয়

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সর্বকনিষ্ঠ সদস্য মানসুরা আক্তার। ৩১ বছর সাত মাস বয়সী এই ছাত্রদল নেত্রীর কোনো আয় নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তবে তিনি এখনও অধ্যয়নরত।

সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মানসুরা আক্তারের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। হলফনামায় নিজের কোনো আয় নেই উল্লেখ করেন তিনি। তবে সর্বশেষ আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, তার তিন লাখ টাকার সম্পদ রয়েছে।

হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, মানসুরা আক্তারের অস্থাবর সম্পদ আছে ১ লাখ ২২ হাজার টাকার। এর মধ্যে ২৫ হাজার টাকার ইলেকট্রনিকস পণ্য ও ৯৭ হাজার টাকার আসবাবপত্র আছে। এ ছাড়া মানসুরা ৬ শতাংশ অকৃষি জমির (স্থাবর সম্পদ) মালিক। তবে হলফনামায় এই জমির মূল্য উল্লেখ করা হয়নি।

মানসুরা আক্তার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ‘মানসুরা আলম’ নামে বেশি পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের এই ছাত্রী আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সম্মুখসারিতে ছিলেন। একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন মানসুরা। তিনি জুলাই গণ-অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন।

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। এ ছাড়া ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button