নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে মর্মান্তিক এক ঘটনায় আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে আত্রাই নদীর তীরবর্তী সরকারি কলেজ মাঠসংলগ্ন বেদে পল্লীতে ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ২৫ থেকে ৩০টি বেদে পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছিল। ভোরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে একটি ছাউনির ওপর পড়ে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।



