বাবা হারানো শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন

বাংলা টিভি ডেস্ক: ছেলের প্রথম জন্মদিনেই বাবাকে হারানোর শোক—এমন নির্মম বাস্তবতার মধ্য দিয়ে দিন কাটছে কুমিল্লায় নিহত রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের।
শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লার কোটবাড়ী এলাকায় মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িতে পৌঁছান। বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে। রাতেই তাকে দাফন করা হয়।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—এই শোকের মধ্যেই পালিত হচ্ছে তার একমাত্র ছেলে অব্বয়ের প্রথম জন্মদিন। যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেটিই পরিণত হয়েছে গভীর শোকে।
স্ত্রী উর্মী হীরা এখনো স্বামীর মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছেন না। বারবার অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। মাত্র চার দিন আগেই তারা বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন। সেই স্মৃতি এখনও টাটকা, অথচ হঠাৎই সবকিছু বদলে গেছে।
তিনি জানান, ছেলের জন্মদিন উপলক্ষে বুলেট দুই দিন আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শেষবার ফোনে কথা বলার সময় তিনি বলেছিলেন, “আমি রওনা হয়েছি।” কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।
অন্যদিকে, এক বছরের শিশু অব্বয় বাবার কবরের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। সন্তানের এমন অবস্থা আর ছেলেকে হারানোর শোকে বুলেটের বাবা-মাও ভেঙে পড়েছেন।
পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। তারা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান।
বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমসে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।



