বাংলাদেশ

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

বাংলা টিভি ডেস্ক: ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আবারও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, Adani Power-এর দ্বিতীয় ইউনিটটি সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়। বর্তমানে এই ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, ধীরে ধীরে এই সরবরাহ আরও বাড়ানো হবে। এতে দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং লোডশেডিং কমাতে সহায়তা করবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৮ এপ্রিল থেকে আরও দুটি উৎস—এসএস পাওয়ার এবং আরএনপিএল—থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো-এর যৌথ উদ্যোগ।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, ফলে বিদ্যুৎ ঘাটতি পূরণে এই সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button