সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা

বাংলা টিভি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনপ্রিয় ভর্তার দোকানগুলো ঘিরে খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের ভর্তা বিক্রি হয় কম দামে ও বৈচিত্র্যময় স্বাদে, যার কারণে স্থানটি ব্যাপক জনপ্রিয়। তবে অনেক দোকানেই রাতের অবশিষ্ট ভর্তা পরদিন সকালে নতুন নামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে কিছু ক্ষেত্রে এমন অনিয়মের প্রমাণও মিলেছে বলে জানা যায়।
শিক্ষার্থীরা আরও জানান, এসব খাবারের মধ্যে মাঝে মাঝে পাথর, পোকামাকড়সহ অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার ঘটনাও ঘটেছে। তবুও সাশ্রয়ী দাম ও স্বাদের কারণে অনেকেই বাধ্য হয়ে এখানেই খাচ্ছেন, কারণ হলের ক্যান্টিনের খাবারের মান তুলনামূলকভাবে দুর্বল বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, এসব খাবার দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এতে গ্যাস্ট্রিক, আলসার, লিভারের সমস্যা এমনকি বিভিন্ন পেটের রোগের ঝুঁকিও বাড়ে।
চিকিৎসক ডা. মো. শামছুর রহমান বলেন, রাতের খাবার পুনরায় বিক্রি বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন এসব খাবার খেলে জটিল রোগ হতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। প্রক্টর ও প্রাধ্যক্ষ এ কে এম রাশিদুল আলম বলেন, অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে এবং নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



