৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক নতুন যুগের সূচনা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের মাধ্যমে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঈশ্বরদীতে অবস্থিত এই কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি উৎপাদনের দিকে এগিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটি বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হচ্ছে।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, খুবই অল্প পরিমাণ ইউরেনিয়াম দিয়েই বিপুল শক্তি উৎপাদন সম্ভব। মাত্র সাড়ে ৪ গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম পেলেট থেকে যে শক্তি পাওয়া যায়, তা ডিজেল, গ্যাস বা কয়লার তুলনায় কয়েকশ গুণ বেশি। এই শক্তি ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
প্রক্রিয়াটি এমন—চুল্লির ভেতরে ইউরেনিয়াম ফিশন বিক্রিয়ায় তাপ তৈরি হয়, সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।
নিরাপত্তার দিকটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম পেলেটকে বিশেষভাবে সিল করা থাকে এবং তার ওপর জিরকোনিয়াম অ্যালয়ের আবরণ থাকে, যাতে তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে না পড়ে।
বিশ্লেষকদের মতে, কয়লা বা তেলের মতো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পারমাণবিক শক্তি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদনে স্থিতিশীলতা আনতে পারে। তবে একই সঙ্গে এটি অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



