বাংলাদেশঅপরাধ

বাড্ডায় শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক

 বাংলা টিভি ডেস্ক: রাজধানীর বাড্ডা থানা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় তিন বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।

পুলিশ জানায়, বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকায় সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. হাবিবুল্লাহ (৩)। এ ঘটনায় তার বাবা মো. শাহীন মিয়া (৩৫)-কে আটক করেছে পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক জানান, অভিযুক্ত শাহীন মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় শিশুটির মা বাইরে ছিলেন। পরে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। তখন অভিযুক্ত নিজেই সন্তানের হত্যার কথা স্বীকার করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন মিয়া শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত।

তবে কী কারণে তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button