জলাবদ্ধতায় কষ্ট, চট্টগ্রামবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে সংসদে কথা বলতে গিয়ে নাগরিকদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যা সমাধানের জন্য সরকার কাজ করছে।
আজ বুধবার জাতীয় সংসদে তিনি জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ জন্য তিনি চট্টগ্রামের বাসিন্দাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, শুধু চট্টগ্রাম নয়, ঢাকা-সহ দেশের বিভিন্ন শহরেই জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ড্রেন ও খাল পরিষ্কার এবং খননের মাধ্যমে সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে জনগণের অসচেতনতার কারণে অনেক সময় এসব উদ্যোগ ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদে তিনি জলাবদ্ধতা নিরসনে খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।



