বাংলাদেশ

বন্ধুদের সঙ্গে মদপানে রাজশাহীতে কলেজছাত্রের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীতে মদপানে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত জাহিদ হাসান অলি (২০) রাজশাহী নিউ ডিগ্রি কলেজ-এর ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। তিনি নগরীর বোয়ালিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে একটি বাসায় থাকতেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদপানের পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, অ্যালকোহলজনিত বিষক্রিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই তথ্য নিশ্চিত করেছে পুলিশও।

এ বিষয়ে বোয়ালিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহলজনিত বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button