বাংলাদেশ

মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল

বাংলা টিভি ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া হানিফ মোড় এলাকার মসজিদে আলী (রা.)-এর দানবাক্স খুলে এক হৃদয়স্পর্শী ঘটনার সন্ধান মিলেছে। সেখানে পাওয়া গেছে এক জোড়া সোনার কানের দুল, নগদ ৭ হাজার টাকা এবং একটি ছোট্ট চিরকুট—যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, প্রতি দুই মাস পরপর নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এ সময় অন্যান্য টাকার পাশাপাশি একটি রঙিন কাগজে মোড়ানো বিশেষ প্যাকেট নজরে আসে। সেটি খুলে দেখা যায়, ভেতরে রয়েছে সোনার কানের দুল ও একটি চিরকুট।

চিরকুটে লেখা ছিল—
“আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়, আমিন।”

এই ছোট্ট বার্তাটি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। মসজিদ কমিটির সদস্যরা জানান, এটি কেবল একটি দান নয়; বরং এটি এক সন্তানের অসহায়ত্ব, ভালোবাসা এবং মায়ের সুস্থতার জন্য গভীর আকুতির প্রতিফলন।

পরে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানা যায়, এর বর্তমান বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, “আমরা দানের পরিমাণ নয়, দাতার নিয়তকেই বড় করে দেখি। এই ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আল্লাহ যেন সেই সন্তানের মায়ের অসুখ দূর করে দেন।”

সংশ্লিষ্ট খবর

Back to top button