
বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারী ও নবজাতকের মরদেহের ময়নাতদন্তে জানা গেছে, নারীটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মরদেহগুলো উদ্ধারের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত ২০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর পাড় থেকে মাটিচাপা দেওয়া বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবেই স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও হত্যার নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মরদেহ পচে যাওয়ায় ধর্ষণের কোনো আলামত নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তে শুধুমাত্র শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটন ও নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



