বাংলাদেশ

৫ সিটের জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন কলেজ শিক্ষার্থী সোহেল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজপড়ুয়া এক তরুণের উদ্ভাবনে তৈরি হয়েছে ব্যাটারিচালিত ছোট আকারের একটি জিপ গাড়ি, যা ইতোমধ্যেই স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার বাসিন্দা সোহেল মিয়া, যিনি সরকারি মুড়াপাড়া কলেজ-এর অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, নিজ উদ্যোগে এই গাড়িটি তৈরি করেছেন। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি আগ্রহ তাকে এমন কিছু নির্মাণে অনুপ্রাণিত করে।

নিজের উপার্জিত অর্থ থেকে ধীরে ধীরে যন্ত্রপাতি সংগ্রহ করে প্রায় তিন মাসের প্রচেষ্টায় তিনি তৈরি করেন এই ব্যতিক্রমধর্মী জিপ গাড়ি। এতে রয়েছে উন্নত ব্রেক সিস্টেমসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার। চারটি ব্যাটারির সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা, আর একবার চার্জে গাড়িটি ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৩ ফুট প্রস্থের এই গাড়িটিতে চালকসহ মোট পাঁচজন যাত্রী বসতে পারেন। পুরো গাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা, যদিও এখনো এর ছাদ সংযোজনের কাজ বাকি রয়েছে।

সোহেল জানান, জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব চিন্তা থেকেই তিনি এই গাড়ি তৈরি করেছেন। বর্তমানে পারিবারিক কাজে এটি ব্যবহার করা হচ্ছে, তবে সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এমন গাড়ি উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তার।

স্থানীয়দের মতে, সীমিত সম্পদ নিয়েও সোহেলের এই উদ্যোগ তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button