গ্রাম বাংলাদেশবাংলা

হাওরে ডুবে যাওয়া ধান কাটতে স্বামীর সহযোগী হয়ে প্রাণ গেল গৃহবধূর

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ডুবে যাওয়া ফসল কাটতে স্বামীকে সহযোগিতা করতে গিয়ে খোকন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতা ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী।

জানা গেছে, স্বামীকে ধান কাটার কাজে সহযোগিতা করতে গ্রামের মসজিদের সামনের হাওরে নামেন গৃহবধূ খোকন বেগম।

এসময় অতিবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে ঠান্ডায় শারীরিকভাবে দুর্বল হয়ে জমির পাশে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার স্বামী জামাল মিয়া জানান, তার ১২০ শতাংশ জমির ধান তলিয়ে যাচ্ছিল। কোনো শ্রমিক পাওয়া না যাওয়ায় তিনি তার দুই ছেলেকে নিয়ে দুদিন ধরে ধান কাটছিলেন।

তার স্ত্রীও কাজে সহযোগিতা করতে আসেন। বৃষ্টি ও ঠাণ্ডার কারণে তিনি হঠাৎ দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিধি মোতাবেক যথাযথ সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ।’

এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, ‘আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি’। মৃতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button