লুঙ্গি-ফতুয়া পরে কাঁধে গামছা নিয়ে ভাইভা বোর্ডে হাজির শিক্ষার্থী

বাংলা টিভি ডেস্ক: সাধারণত ভাইভা বোর্ডে ফরমাল পোশাকেই শিক্ষার্থীদের দেখা যায়। তবে এবার সেই চিরচেনা রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী দৃশ্য তৈরি করেছেন আশিকুর রহমান আশিক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী লুঙ্গি, ফতুয়া ও কাঁধে গামছা পরে ভাইভা বোর্ডে উপস্থিত হন।
শুক্রবার (১ মে) তিনি জানান, শিক্ষকদের কাছ থেকে প্রায়ই শোনা ‘তোমরা চাষাভূষার টাকায় পড়াশোনা করো’—এই কথাটিই তাকে ভাবিয়েছে। কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতি সমাজ ও রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ তাকে নাড়া দেয়, আর সেখান থেকেই আসে তার এই প্রতীকী প্রতিবাদের ধারণা।
আশিক উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই অন্তত দুজন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহি নিয়ে তার প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সমাজের প্রতিক্রিয়ায় হতাশা জানিয়ে তিনি বলেন, শ্রমিক বা কৃষকের মৃত্যু অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের সীমিত প্রতিক্রিয়াতেই থেমে যায়।
এই প্রেক্ষাপটে, ভাইভা বোর্ডে ভিন্নধর্মী পোশাকে উপস্থিত হয়ে তিনি মেহনতি মানুষের প্রতি সংহতি জানান। তার ভাষায়, শিক্ষকরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন এবং তার প্রতিবাদকে উৎসাহ দিয়েছেন।
এছাড়া তিনি দেশের কৃষকদের দুরবস্থার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন, বিশেষ করে হাওর অঞ্চলের কৃষকদের সংকট তুলে ধরে বলেন—বন্যায় ফসলহানির মতো সমস্যায় তাদের পাশে দাঁড়াতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ।



