
বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
০২ মে ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলা-এর ধর্মদাহ ও বিলগাথুয়া এলাকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দুটি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ, ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে ধর্মদাহ বিওপি এলাকায় ১০ বোতল ভারতীয় মদ এবং ১,৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে বিলগাথুয়া এলাকায় ৩০ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেনসিডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার ৬০০ টাকা।
মোট উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। দেশের তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
কুষ্টিয়া প্রতিনিধি (অনলাইন)



