বাংলাদেশ

আল্লাহ জানেন, ছেলেকে কী কষ্ট দেওয়া হয়েছে: জামিলের বাবা

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় লিমনের বাবা-মাসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে মরদেহ নিয়ে স্বজনরা জামালপুরের উদ্দেশে রওনা হন। সেখানে মাগরিবের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রের University of South Florida-তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তিনি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। পরে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লিমনের বাবা জহুরুল হক বলেন, সন্তানকে বড় করার ক্ষেত্রে তারা কখনও কঠোর শারীরিক শাস্তি দেননি, সবকিছুই ভালোবাসা ও শাসনের মাধ্যমে হয়েছে। ছেলের এমন মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে জানান।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। রুমমেট বা ব্যক্তিগত কোনো সমস্যার বিষয়েও পরিবার আগে কিছু জানত না। তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button