বাংলাদেশ

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

 বাংলা টিভি ডেস্ক: তরুণ আলেমদের প্ল্যাটফর্ম “সাধারণ আলেম সমাজ” মহিলা মাদরাসার সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে ১০ দফা দাবি তুলে ধরেছে। রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রস্তাবগুলো উপস্থাপন করে।

বিবৃতিতে বলা হয়, দ্বীনি শিক্ষার প্রসারে মহিলা মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো ব্যবস্থার ওপর প্রশ্ন উঠছে। তাই প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরাপদ করতে এসব সংস্কার প্রয়োজন বলে তারা মনে করে।

তাদের ১০ দফা প্রস্তাবে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—অননুমোদিত মাদরাসা বন্ধ করা, পরিচালনা কমিটিকে শক্তিশালী করা, আবাসিক ব্যবস্থায় কঠোর নীতিমালা প্রণয়ন, শিক্ষক নিবন্ধন ও ব্ল্যাকলিস্ট ব্যবস্থা চালু করা, এবং অভিযোগ জানানোর জন্য পৃথক সেল গঠন।

এছাড়া শিক্ষক ও পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়মিত অডিট ব্যবস্থা চালু করা, এবং শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।

অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখা এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

সংগঠনটির মতে, এসব পদক্ষেপ গ্রহণ করা গেলে মহিলা মাদরাসা শিক্ষা ব্যবস্থা আরও নিরাপদ, স্বচ্ছ এবং মানসম্মত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button