গ্রাম বাংলাদেশবাংলাবিএনপিরাজনীতি

১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, ‘এক অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তবে ওই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ জিজ্ঞাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে।’

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘রাত ১২টার দিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা এসব বিষয় খতিয়ে দেখবো।’

এর আগে দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করে কোতয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে আটকের ১০ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে পুলিশ। রাত ১০টা ১০ মিনিটে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে, রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে কুমিল্লা কোতয়ালি মডেল থানা ঘেরাও করেন নেতাকর্মী ও সমর্থকরা। তারা থানার সামনে বিক্ষোভ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button